অনলাইন প্লাটফর্ম থেকে অশ্লীল দৃশ্য সরানোর নির্দেশ

১৫ জুলাই, ২০২০ ২১:৫২  
এক সপ্তাহের মধ্যে ওয়েব সিরিজ সংক্রান্ত সব ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম থেকে অনৈতিক ও নিন্দনীয় আইন বহির্ভূত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া ওটিটি ফ্ল্যাটফর্ম থেকে কীভাবে রেভিনিউ সংগ্রহ করা হয় সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।  আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পরিবেশিত হওয়া সিনেমা এবং ওয়েব সিরিজের অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে গত ১৪ জুন আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী তানভীর আহমেদ। ওই নোটিশের কোনো জবাব না পাওয়ায় গত ১২ জুলাই হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পরিচালক, আইজিপি, সিআইডির উপমহাপরিদর্শককে বিবাদী করা হয়। তানভীর আহমেদ বলেছেন, ‘শুনানির পর হাইকোর্ট এই আদেশ দেন যে, এক সপ্তাহের মধ্যে সব ওটিটি প্ল্যাটফর্ম থেকে বিবাদীদের উক্ত অনৈতিক ও নিন্দনীয় আইন বহির্ভূত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে, যে কীভাবে তারা সরকারি রেভিনিউ কালেক্ট করেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে। যেমনটি তারা করছেন নেটফ্লিক্স-এর ক্ষেত্রে।’